ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কাবুল বিমানবন্দরে আবারও রকেট হামলা, প্রতিহত করল মার্কিন মিসাইল

যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সময় যতই ঘনিয়ে আসছে ততই অশান্ত হয়ে উঠছে তালেবান যোদ্ধাদের শাসনে থাকা আফগানিস্তানের ভূখণ্ড। সোমবার (৩০ আগস্ট) সকালে রাজধানী কাবুলে বিমানবন্দরের ওপর ফের রকেট হামলা চালানো হয়। যদিও মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম সেই পাঁচটি রকেট সফলতার সঙ্গে প্রতিহত করতে সক্ষম হয় বলে জানা গিয়েছে।


ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে আক্রমণ প্রতিহতের সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।


মার্কিন সূত্রের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরবেলা কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করে রকেটগুলো নিক্ষেপ করা হয়। যদিও প্রতিটি রকেটকেই মিসাইল প্রতিরোধক ব্যবস্থা আটকেছে কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। যদিও প্রাথমিকভাবে কোনো মার্কিনির মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


মঙ্গলবার (৩১ আগস্ট) মার্কিন সেনাবাহিনীর আফগান ভূখণ্ড ত্যাগের কথা রয়েছে। যদিও এর আগে জঙ্গিরা নিজেদের শেষ কামড় বসাতে দিতে চাইছে বলে মনে করছে বাইডেন প্রশাসন। মূলত সেই জন্যই কাবুল বিমানবন্দরে সুদৃঢ় মিসাইল প্রতিরোধক ব্যবস্থা স্থাপন করেছে যুক্তরাষ্ট্র।


বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে বিমানবন্দরটিতে যেভাবে আত্মঘাতী হামলা চালানো হয়েছে, আগামীতে তেমন আরও কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোরে রকেট হামলা চালানো হলেও এয়ারপোর্টে মার্কিন বাহিনীর যে উদ্ধারকাজ চলছে তাতে কোনো ধরনের প্রভাব পড়েনি।

ads
ads
ads

Our Facebook Page

↑